আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়ায় রাজ্যজুড়ে বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গর্বের আবহ তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিকে ত্রিপুরার জন্য অত্যন্ত সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিধায়ক ভগবান দাসের বক্তব্য, ছোট রাজ্য ত্রিপুরা থেকে এই প্রথম কোনও নেতা বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলেন। প্রধানমন্ত্রী, দলের সর্বভারতীয় সভাপতি-সহ কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব কুমার দেবের উপর যে আস্থা রেখেছেন, তা ত্রিপুরার জন্য বিশেষ গর্বের বিষয়। তাঁর এই নতুন দায়িত্বের ফলে আগামী দিনে রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং ত্রিপুরার সার্বিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।
তাই, আগামীকাল বিকেল ৩টায় আগরতলা বিমানবন্দরে পৌঁছাবেন বিপ্লব কুমার দেব। সেখানে দলীয়ভাবে তাঁকে সংবর্ধনা জানানো হবে। এরপর বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র ভবনে। সেখানে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি। পাশাপাশি তাঁর সম্মানে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ বিজেপির অন্যান্য নেতা, মন্ত্রী ও বিধায়কদের উপস্থিত থাকার কথা রয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করে তুলতে বিজেপির সমস্ত স্তরের নেতৃত্ব ও কার্যকর্তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিপ্লব কুমার দেবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্বকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে।



















