চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র পিডি গ্রুপ, এনএলএফটি-র অরি গ্রুপ এবং এটিটিএফ-এর আত্মসমর্পণকারী গোষ্ঠীর নেতৃবৃন্দ। এই বন্ধ কর্মসূচিকে সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে শনিবার খোয়াই ও সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় গাড়ি র্যালি অনুষ্ঠিত হয়।
জানা যায়, তিনটি আত্মসমর্পণকারী গোষ্ঠীর নেতৃবৃন্দ ও সমর্থকরা গাড়ি নিয়ে খোয়াই জেলার বিভিন্ন এলাকা এবং সিপাহীজলা জেলার বিভিন্ন পথ পরিক্রমা করেন। র্যালির মাধ্যমে আগামী ৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার বন্ধ কর্মসূচিতে সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। র্যালিতে উপস্থিত ছিলেন এনএলএফটি-র সভাপতি প্রসেনজিৎ দেববর্মা, পরিমল দেববর্মা, এনএলএফটি-র আর্মি চিফ সুরেন দেববর্মা এবং এটিটিএফ-এর সভাপতি অলিন্দ্র দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রস্তাবিত ৭২ ঘণ্টার বন্ধ কর্মসূচিকে সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়। আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই বন্ধ কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।



















