আগরতলা, ২৯ আগস্ট: রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে ফের চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রোগীর পরিজনের ব্যবহৃত স্মার্টফোন চুরি করার অভিযোগে এক যুবতীকে হাতেনাতে আটক করেন হাসপাতালে উপস্থিত সাধারণ মানুষ ও রোগীর পরিজনরা।
জানা গেছে, শনিবার জিবি হাসপাতালের ওপিডি ও আউটডোর চত্বরে প্রচণ্ড ভিড়ের সুযোগ নিয়ে এক রোগীর পরিজনের পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করে ওই যুবতী। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কয়েকজন স্থানীয় ব্যক্তি ও রোগীর পরিজন নজর রাখতে শুরু করেন।
অভিযোগ, এরপর মোবাইল ফোনটি হাতানোর চেষ্টা করার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন উপস্থিত লোকজন। তাঁর কাছ থেকে সংশ্লিষ্ট মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে হাসপাতালে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ওই যুবতীকে আটকে রেখে পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আটক যুবতী নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তাঁকে বিভিন্ন প্রশ্ন করা হলেও তিনি সঠিকভাবে কোনো উত্তর দিতে পারছিলেন না।
খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবতীকে হেফাজতে নেয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
জিবি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে বারবার চুরির অভিযোগ ওঠায় রোগী ও তাঁদের পরিজনদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতাল চত্বরে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন রোগী-পরিজনদের একাংশ।



















