আগরতলা, ২৭ আগস্ট: কলসীরমুখ বাজার এলাকায় এক ইরিক্সা চালককে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন অভিজিৎ শীল নামে এক যুবক। বর্তমানে তিনি বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলসীরমুখ এলাকায় নিজের বাড়ির সামনে ইরিক্সা গাড়ি রাখতে যাচ্ছিলেন অভিজিৎ শীল। অভিযোগ, সেই সময় স্থানীয় যুবক বাপন হঠাৎ বাইক নিয়ে তাঁর টমটমের সামনে দাঁড়িয়ে যান। এরপর অভিজিৎকে কলসীরমুখ বাজারে যাওয়ার জন্য বলেন বাপন।
অভিজিৎ শীলের অভিযোগ, বাপনের কথামতো তিনি কলসীরমুখ বাজারে গেলে সেখানে বাপনসহ আরও তিন যুবক মিলে তাঁর উপর চড়াও হন এবং মারধর করেন। ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
আহত ইরিক্সা চালক অভিজিৎ শীল জানান, ঘটনার বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বাইখোড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পুরো বিষয়টি তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে।























