আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার স্থানীয় বাসিন্দারা পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় সঞ্জিত তাঁতী (৪৭) হিসেবে শনাক্ত হয়েছে। তিনি শচীন্দ্র তাঁতীর ছেলে এবং দ্বারিকাপুর এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, সঞ্জিত তাঁতী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিকভাবে অস্বাভাবিক জীবনযাপন করতেন। গত চার থেকে পাঁচ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের দাবি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে কল্যাণপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
























