নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও সেখানে থাকা বাকি প্রায় দুই ডজন ভারতীয়কে দ্রুত ফিরিয়ে আনতে রাশিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে বিদেশ মন্ত্রক (এমইএ)।
সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “রুশ সেনাবাহিনীতে থাকা বাকি ভারতীয় নাগরিকদের মুক্তির জন্য আমরা রাশিয়ার সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখছি। আমাদের প্রচেষ্টায় ইতিমধ্যেই ১৩৯ জন ভারতীয় মুক্তি পেয়েছেন। এখনও সেখানে থাকা বাকি প্রায় দুই ডজন ভারতীয় নাগরিকের মুক্তির জন্যও আমরা সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছি।”
তিনি আবারও ভারতীয় নাগরিকদের ঝুঁকিপূর্ণ চাকরির প্রস্তাব সম্পর্কে সতর্ক করে বলেন, অসাধু ব্যক্তি বা সংস্থার দেওয়া লোভনীয় চাকরির প্রস্তাবে যেন কেউ পা না দেন।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে তাদের কাছে তথ্য ছিল যে মোট ২০২ জন ভারতীয় নাগরিক রুশ সশস্ত্র বাহিনীতে নিয়োগ পেয়েছিলেন। সরকারের ধারাবাহিক উদ্যোগে তাঁদের মধ্যে অনেকেই আগেভাগে অব্যাহতি পেয়েছেন। তবে রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুই ডজনেরও বেশি ভারতীয়ের মৃত্যু হয়েছে এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের রুশ সেনাবাহিনীতে যোগ না দেওয়ার জন্য কঠোর পরামর্শ জারি করেছিল। ইউক্রেন যুদ্ধের সময় মস্কোতে কাজের সন্ধানে যাওয়া কয়েকজন ভারতীয়কে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে বলে অভিযোগ ওঠার পরই এই সতর্কবার্তা দেওয়া হয়।
একটি সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে থাকা দুই ভারতীয় জানিয়েছিলেন যে নির্মাণকাজে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের রাশিয়ায় নিয়ে যাওয়া হলেও পরে সরাসরি যুদ্ধের সামনের সারিতে মোতায়েন করা হয়। তাঁদের অভিযোগ ছিল, একই ধরনের পরিস্থিতিতে আরও অন্তত ১৩ জন ভারতীয় সেখানে আটকে রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ওই দুই ব্যক্তি ছাত্র বা পর্যটক ভিসায় গত ছয় মাসের মধ্যে রাশিয়ায় গিয়েছিলেন। তাঁদের দাবি, নির্মাণ সংস্থায় কাজের প্রতিশ্রুতি দেওয়া এক এজেন্ট প্রতারণা করে তাঁদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয়।



















