আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম (এনএইচডিআইসিএল)-এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আগরতলা-খোয়াই-কমলপুর বিকল্প জাতীয় সড়ক এবং আসাম-আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর থেকে খয়েরপুর পর্যন্ত অংশের দুরবস্থার বিষয়টি তুলে ধরেন।
প্রতিমা ভৌমিক জানান, আগরতলা-খোয়াই-কমলপুর বিকল্প জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য ১৩৭ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৩২ কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। ২০২০ সালে এই সড়কের নির্মাণকাজ শুরু হলেও দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাজ সন্তোষজনক না হওয়ায় দুই বছর পর তাদের চুক্তি বাতিল করা হয়। পরে অন্য একটি সংস্থাকে কাজের দায়িত্ব দেওয়া হলেও একটি সমীক্ষা রিপোর্ট এখনও না আসায় কাজের গতি ব্যাহত হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, এ বিষয়ে তিনি এনএইচডিআইসিএল-এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। আধিকারিকরা তাঁকে আশ্বস্ত করেছেন যে, খোয়াই-আগরতলা সড়কের সুবলসিং এলাকায় যান চলাচল যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে ওই সড়কের নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রতিমা ভৌমিক আরও জানান, আসাম-আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর থেকে খয়েরপুর পর্যন্ত বেহাল অবস্থার বিষয়টিও তিনি এনএইচডিআইসিএল কর্তৃপক্ষের নজরে এনেছেন। ওই অংশে দ্রুত মেরামতের ব্যবস্থা করে যান চলাচল স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তিনি।



















