নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় মহরন আলী ওরফে আমান হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর পঞ্চায়েত এলাকায় অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাড়ির চারটি ড্রামের ভেতর লুকিয়ে রাখা মোট ১১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে অভিযুক্তকে আটক করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পার্থনাথ ভৌমিক। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন এসআই প্রসেনজিৎ দেবনাথ, এসআই বিজয় চক্রবর্তী, ডিএসপি অনুপম মজুমদারসহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর প্রায় ১টা থেকে অভিযান শুরু হয় এবং প্রায় তিন ঘণ্টাব্যাপী তল্লাশির পর বিকেল ৪টা নাগাদ উদ্ধার হওয়া গাঁজা থানায় নিয়ে আসা হয়। ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত সোনামুড়া মহকুমার এসডিপিও অভিজিৎ দাস ঘটনাস্থল ও যাত্রাপুর থানায় পৌঁছে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য দেন। তিনি জানান, রাজ্যজুড়ে মাদক পাচার ও মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন।
এই অভিযানের পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


















