নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়। এটি হচ্ছে সব ধর্মের মানুষের পরস্পরের মধ্যে একটি মিলন মেলা এবং সার্বজনীন উৎসবের অন্যতম প্রতীক। রাজ্যের সর্বত্রই রথের মেলা ও উৎসব সমারোহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আজ ৯ দিনব্যাপী মেলাঘরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। সিপাহীজলা জেলা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মেলাঘর পুরপরিষদের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রথযাত্রা উৎসবের মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে ভাবের আদান প্রদান যেমন হচ্ছে, তেমনি মানুষের মধ্যে কৃষ্টি সংস্কৃতির মেলবন্ধনও গড়ে উঠছে। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছেন। রাজ্য সরকারও সেই দিশায় রাজ্যের উন্নয়নে কাজ করে চলছে। বিগত সরকার রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় পর্যটন স্থানগুলির উন্নয়নে কার্যকর ভূমিকা গ্রহণ করেনি। বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠান ও পর্যটন স্থানগুলির উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে।
অনুষ্ঠানে উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বলেন, মেলাঘরের রথ হচ্ছে রাজ্যের ইতিহাস, সংস্কৃতি, আবেগ এবং সামাজিক ঐক্যের প্রতীক। বহু বছর ধরেই এই রথযাত্রা উৎসবে ধর্ম, বর্ণ, নির্বিশেষে হাজার হাজার মানুষ সামিল হচ্ছেন। এই ঐতিহ্যই মেলাঘর সহ গোটা রাজ্যের সম্প্রীতির মূল শক্তি। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং সোনামুড়া মহকুমার মহকুমা শাসক রাজু দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা, সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ, শুভ্রজিৎ দাস প্রমুখ।



















