আগরতলা, ১৫ জুলাই: কমলাসাগর বিধানসভা এলাকার হরিশনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষাদান। বর্তমানে মাত্র তিনজন শিক্ষক নিয়ে বিদ্যালয়ের সমস্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে কোনো শিক্ষক ছুটিতে থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৫৫ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তবে শিক্ষকের সংখ্যা মাত্র তিনজন হওয়ায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রশাসনিক ও দাপ্তরিক নানা কাজে ব্যস্ত থাকতে হওয়ায় অধিকাংশ সময় মাত্র দুইজন শিক্ষককেই শ্রেণিকক্ষের পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দফতরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা হয়নি। এর ফলে শিক্ষক ও ছাত্রছাত্রী—উভয়কেই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর দাবি, শিক্ষার মান বজায় রাখতে এবং ছাত্রছাত্রীদের স্বার্থে অবিলম্বে বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হোক। একই সঙ্গে শিক্ষা দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা।
এখন দেখার বিষয়, এই অভিযোগ প্রকাশ্যে আসার পর শিক্ষা দফতর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে কী পদক্ষেপ গ্রহণ করে।



















