মুম্বই, ১২ জুলাই (আইএএনএস): মুম্বইয়ের ঐতিহাসিক তাজ হোটেলে বোমা রাখা হয়েছে বলে ফোনে হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পাওয়ার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী হোটেল চত্বরে ব্যাপক তল্লাশি চালালেও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। রবিবার পুলিশ জানায়, এটি ছিল সম্পূর্ণ ভুয়ো বোমা-হুমকি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ১২টা ১৩ মিনিটে এক ব্যক্তি নবি মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে দাবি করেন, “দাউদ তাজ হোটেলে বোমা রেখেছে।” সঙ্গে সঙ্গে সেই তথ্য মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো হয়।
এরপর কোলাবা থানার পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ বাহিনী (বিডিডিএস)-এর দল তাজ হোটেলে পৌঁছে তল্লাশি শুরু করে। হোটেলের মূল লবি, সুইমিং পুল, ব্যাঙ্কোয়েট হল, রেস্তোরাঁ, পার্কিং এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে বিস্তারিত তল্লাশি চালানো হয়।
দীর্ঘক্ষণ তল্লাশির পর কোথাও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু না মেলায় পুলিশ নিশ্চিত হয় যে বোমা-হুমকিটি ভুয়ো ছিল।
প্রাথমিক প্রযুক্তিগত তদন্তে জানা গিয়েছে, হুমকির ফোনটি নবি মুম্বইয়ের তুরভে এলাকা থেকে করা হয়েছিল। ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে তুরভে থানার পুলিশের সঙ্গেও যৌথভাবে তদন্ত চালানো হচ্ছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল কোলাবার তাজ হোটেল। সেই হামলায় ১৬৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন।
এর আগেও একই ধরনের একটি ভুয়ো বোমা-হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় বিস্ফোরণের হুমকি দিয়ে মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করা হয়েছিল। পরে দিল্লি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তল্লাশিতে সেখানেও কোনও বিস্ফোরক না মেলায় সেটিকেও ভুয়ো হুমকি বলে ঘোষণা করা হয়।
























