আগরতলা, ১০ জুলাই: বড়দোয়াল ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন। বড়দোয়াল বাজার থেকে মোল্লাপাড়া এবং বড়দোয়াল বাজার থেকে চর পর্যন্ত রাস্তার অবস্থা বর্তমানে অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার এমন পরিস্থিতি যে মোটরসাইকেল, গাড়ি এমনকি সাইকেল নিয়েও নিরাপদে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। বর্ষার সময় কাদা ও জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এই এলাকায় প্রায় ১৬০টি পরিবারের বসবাস। প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ বহু মানুষকে এই রাস্তা ব্যবহার করতে হয়। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে তাঁদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সমস্যার কথা একাধিকবার সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বাসিন্দাদের প্রশ্ন, উন্নয়নের জন্য জনগণের করের টাকা ব্যয় করা হলেও কেন এখনও তাঁদের কাদা-পানির রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর আবেদন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং অবিলম্বে রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করে।
























