আগরতলা, ১০ জুলাই: দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা, সীমিত সুযোগ-সুবিধা এবং অনিশ্চিত কর্মজীবনের অভিযোগ তুলে এবার আন্দোলনের পথে নামলেন স্পেশাল পুলিশ অফিসার (এসপিও)-দের পরিবারের সদস্যরা। শুক্রবার অল ত্রিপুরা এসপিও পরিবারের কল্যাণ সংস্থার ব্যানারে পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) দপ্তরে ১০ দফা দাবিতে একটি ডেপুটেশন দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে রাজ্যের এসপিওরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এলেও তাঁদের চাকরি এখনও নিয়মিত করা হয়নি। পাশাপাশি অন্যান্য পুলিশ কর্মীদের তুলনায় বেতন-ভাতা, সামাজিক নিরাপত্তা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার ক্ষেত্রেও তারা বঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।
শুক্রবার ডিজিপি অনুপস্থিত থাকায় সংগঠনের প্রতিনিধিরা তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি ডিআইজি (হেডকোয়ার্টার্স)-এর হাতে তুলে দেন। স্মারকলিপিতে এসপিওদের চাকরি নিয়মিতকরণ, পুলিশের সমতুল্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান-সহ মোট ১০ দফা দাবি উত্থাপন করা হয়।
সংগঠনের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন
করলেও এসপিওদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তাই অবিলম্বে তাঁদের ন্যায্য দাবি পূরণে সরকারকে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
ডেপুটেশন শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত দাবিগুলি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।
———
























