আগরতলা, ৯ জুলাই: রাজ্যে মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী। সিধাই থানাধীন সুরেন্দ্রনগর এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে আগরতলা এনসিবি-র নেতৃত্বে বিএসএফ, টিএসআর এবং সিধাই থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সুরেন্দ্রনগরের একটি বাড়িতে তল্লাশি চালানো হলে ড্রামে ভরা বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়।
অভিযান শেষে গাঁজাভর্তি মোট ১২টি ড্রাম সিধাই থানায় নিয়ে আসা হয়। পরে সেগুলির ওজন করে দেখা যায়, উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ প্রায় ৫৭০ কেজি।
মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) আশীষ দাসগুপ্ত জানান, মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।
পুলিশের দাবি, এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং গাঁজার চালান কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। যৌথবাহিনীর এই অভিযানে মাদক চক্রের বিরুদ্ধে বড় আঘাত হানা সম্ভব হয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
























