আগরতলা, ৯ জুলাই: ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে ২৩ জুন থেকে শুরু হওয়া প্রভাত ফেরি কর্মসূচি অব্যাহত রয়েছে ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে। ত্রিপুরা বিধানসভার উপ-অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল-এর তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে। বৃহস্পতিবার কর্মসূচির অংশ হিসেবে কাঁঠালতলী এলাকায় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে কাঁঠালতলী এলাকা থেকে শুরু হওয়া প্রভাত ফেরিতে প্রায় চার থেকে পাঁচশো মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কমিউনিটি হলে গিয়ে শেষ হয়। প্রভাত ফেরির মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
প্রভাত ফেরি শেষে কমিউনিটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিধায়ক রামপ্রসাদ পাল। তিনি ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি-র জীবন, আদর্শ এবং দেশসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষের অংশগ্রহণে তাঁর জীবন ও কর্মের ওপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ৫০০ টাকা করে পুরস্কার তুলে দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন আদর্শবান, সাহসী ও দেশপ্রেমিক নেতা। তিনি দাবি করেন, তৎকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে। এছাড়াও তিনি বলেন, “এক দেশ, এক নিশান”–এর যে ভাবনা ডঃ মুখার্জি তুলে ধরেছিলেন, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে দেশ সেই লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ জুন থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।



















