নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, খেলনার ক্ষেত্রে বাধ্যতামূলক মান নিয়ন্ত্রণের (কোয়ালিটি কন্ট্রোল অর্ডার বা কিউসিও) নিয়ম কোনওভাবেই শিথিল করা হবে না।
শনিবার নয়াদিল্লিতে ‘টয় বিজ ইন্টারন্যাশনাল বি২বি এক্সপো’-র ১৭তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোয়েল বলেন, কিউসিও চালু হওয়ার ফলে খেলনার মান উন্নত হয়েছে, নিম্নমানের আমদানি কমেছে এবং দেশীয় উৎপাদন ব্যবস্থাও শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি, যতদিন আমি আছি, ততদিন কেউ কিউসিও তুলে দিতে পারবে না। কিউসিও বহাল থাকবে। কোনও দেশ থেকে অন্যায্য ডাম্পিংয়ের বিরুদ্ধেও আমরা আপনাদের সুরক্ষা দেব।”
মন্ত্রী আরও জানান, উৎপাদন বাড়ানো এবং নতুন বিনিয়োগকে উৎসাহ দিতে সীমিত সময়ের জন্য যে পরিবর্তন আনা হয়েছে, তা শুধুমাত্র একটি রূপান্তরকালীন ব্যবস্থা। এর ফলে বিদ্যমান মান নিয়ন্ত্রণ ব্যবস্থার কোনও দুর্বলতা তৈরি হবে না।
পীযূষ গোয়েল বলেন, গত কয়েক বছরে ভারতের খেলনা শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবুও প্রায় ১২০ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক খেলনা বাজারে ভারতের অংশীদারিত্ব এখনও মাত্র ০.২ থেকে ০.৩ শতাংশ।
তিনি জানান, গত চার বছরে ভারতের খেলনা রফতানি ২৩৯ শতাংশ বেড়েছে। এবার আগামী চার বছরে রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিয়ে এগোতে হবে।
এছাড়া তিনি খেলনা প্রস্তুতকারকদের ভারতের ক্রমবর্ধমান মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান। তাঁর কথায়, গত সাড়ে তিন বছরে স্বাক্ষরিত নয়টি এফটিএর মাধ্যমে ৩৮টি দেশের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে।
গোয়েল বলেন, এফটিএভুক্ত দেশগুলিতে খুচরো বিক্রেতা, সুপারমার্কেট, ই-কমার্স সংস্থা এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ বাড়িয়ে ভারতীয় খেলনা ব্র্যান্ডের আন্তর্জাতিক উপস্থিতি আরও শক্তিশালী করতে হবে।
বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি জানান, ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি চলতি বছরের মধ্যেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কানাডা, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), মেক্সিকো এবং ব্রাজিলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত এগোচ্ছে, যা ভারতের রফতানির নতুন সুযোগ তৈরি করবে।



















