আগরতলা, ২১ আগস্ট: আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশন। ২৭, ২৮ এবং ৩১ আগস্ট—এই তিন দিন বিধানসভায় অধিবেশন বসবে। শুক্রবার বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া।
অধ্যক্ষ জানান, আসন্ন অধিবেশনে কোন কোন বিল পেশ হতে চলেছে, সে বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি। তবে বিধানসভায় স্মার্ট মিটার বাতিলের দাবি উত্থাপন করবেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আসন্ন অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে স্মার্ট মিটার-সহ বিভিন্ন জনস্বার্থের বিষয় বিধানসভায় কতটা গুরুত্ব পায়, সেদিকেই এখন নজর রয়েছে।



















