আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মাণিক্য দেববর্মার উদ্যোগ ও দীর্ঘ আন্দোলনের পর অবশেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে দাবি দলীয় নেতৃত্বের।
পশ্চিম ত্রিপুরা জেলার একমাত্র মান্দাই ব্লকেও অনুষ্ঠিত হয় ভিলেজ কমিটি নির্বাচন। মান্দাই ব্লকের অধীনে থাকা মোট ২৬টি ভিলেজ কমিটির মধ্যে ১১টি ভিলেজ কমিটিতে এনডিএ জোটের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বাকি ১৫টি ভিলেজ কমিটির মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সোমবার ভোট গণনা শেষে ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায়, ভোট হওয়া অধিকাংশ আসনেই এনডিএ জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন। ফলে মান্দাই ব্লকের প্রায় ২৬টি ভিলেজ কমিটিতেই এনডিএ জোটের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি জোটের নেতৃত্বের।
ফলাফল ঘোষণার পর মান্দাই এলাকায় এনডিএ জোটের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে কর্মী-সমর্থকরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন। জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনডিএ জোটের নেতারা এই ফলাফলের জন্য তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মাণিক্য দেববর্মাকে কৃতিত্ব দেন।
তাঁদের বক্তব্য, জনজাতি জনগণ ও জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে আরও বেশি করে কাজ করা হবে। ভিলেজ কমিটির মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তাঁরা। মান্দাইয়ে এই ফলাফলকে ঘিরে এনডিএ শিবিরে উৎসবের আবহ তৈরি হয়েছে।



















