আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। আজ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনা চলাকালীন তিনি দাবি করেন, চলতি ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোট বড়সড় জয় পেতে চলেছে।
অভিষেক দেবরায় বলেন, পাহাড়ের মানুষ সিপিআইএমের দীর্ঘদিনের শাসনকালে ‘তোলাবাজি, শোষণ, নিপীড়ন ও চরমপন্থা’র অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। তাই তারা আর সেই পরিস্থিতিতে ফিরে যেতে চাইবেন না বলেও দাবি করেন তিনি।
সিপিআইএম ও কংগ্রেস প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, আমার রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে আমি মনে করি, আসন্ন ভিসি নির্বাচনে তারা একটি আসনও পাবে না।
তিনি আরও বলেন, বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি নিয়ে গঠিত এনডিএ জোট ত্রিপুরাজুড়ে বিপুল জয় পাবে। তাঁর দাবি, ভিলেজ কমিটি নির্বাচন ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ টিটিএএডিসি এলাকার অন্তর্গত ২০টি বিধানসভা কেন্দ্র রয়েছে।
তবে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে কোনও ধরনের অশান্তি যাতে না ছড়ায়, সেজন্য এনডিএ-র কর্মী ও তৃণমূল স্তরের নেতৃত্বের প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানান অভিষেক দেবরায়। তিনি বলেন, আমাদের আনন্দ যেন কারও দুঃখের কারণ না হয়। দুর্গাপুজোর আগে গোটা রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্যও তিনি দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান।
জয়ী প্রার্থীদের উদ্দেশে বিজেপির রাজ্য সভাপতি বলেন, জয়ের পর কোনওভাবেই অহংকারী হওয়া যাবে না। বরং এই জয়কে মানুষের সেবা করার সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সেবা হি সংগঠন’ নীতির উল্লেখ করে তিনি নবনির্বাচিত প্রতিনিধিদের জনকল্যাণ ও উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানান।
উল্লেখ্য, সোমবার সকাল ৮টা থেকে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার মধ্যে ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ করা হয়। ফলাফল ঘোষণাকে ঘিরে কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সমস্ত রাজনৈতিক দল ও কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণভাবে ফলাফল উদযাপনের আবেদনও জানান অভিষেক দেবরায়।



















