নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সোমবার একাধিক সমঝোতাপত্রে স্বাক্ষর করল ভারত ও সুইজারল্যান্ড।
নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা হয়।
বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ইয়ং প্রফেশনালস স্কিম (ওয়াইপিএস)-এর আওতায় দুই দেশের তরুণ পেশাজীবীরা অন্য দেশে অস্থায়ীভাবে কাজ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাগত ও ভাষাগত দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। প্রতি দেশ থেকে বছরে ৩০০ জন পর্যন্ত এই বিনিময় কর্মসূচিতে অংশ নিতে পারবেন, যা ভবিষ্যতে ৫০০ পর্যন্ত বাড়ানো যেতে পারে।
পরিবহন প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য স্বাক্ষরিত সমঝোতাপত্রে বৈদ্যুতিক যানবাহন, রোপওয়ে, সার্কুলার ইকোনমি, টানেল এবং অন্যান্য পরিবহন ব্যবস্থায় টেকসই পরিকাঠামো ও প্রযুক্তির উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং সুইস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের মধ্যে স্বাক্ষরিত লেটার অব ইনটেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্য, পরিচ্ছন্ন শক্তি ও মহাকাশের মতো অগ্রাধিকার ক্ষেত্রে নতুন যৌথ গবেষণা প্রকল্প শুরু করার কথাও জানান প্রধানমন্ত্রী মোদি।
ভারতের বিজ্ঞানভিত্তিক স্টার্টআপগুলির সক্ষমতা বাড়াতে জুরিখ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিকে স্বাগত জানান মোদি। উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতিত্বের ক্ষেত্রে ইন্দো-সুইস অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি ট্রেনিং কর্মসূচিও বাস্তবায়িত হবে।
প্রধানমন্ত্রী জানান, আগামী ৭ অক্টোবর ভারত ভারত ও ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন (ইএফটিএ)-এর ব্যবসায়ী নেতাদের নিয়ে ‘প্রসপারিটি সামিট’ আয়োজন করছে। বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের সম্ভাবনাকে বাস্তব ফলাফলে রূপ দেওয়ার ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি জানান।



















