আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার সমাধানের দাবিতে তাঁদের এই কর্মবিরতি শুরু হয়েছে বলে জানা গেছে।
ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা বলেন, চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। আইনি প্রক্রিয়া মেনেই কাজ করতে হবে। তিনি আরও বলেন, কাউকে ডেকে ধরে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা উচিত নয়। আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান করা প্রয়োজন।
তিনি বলেন, “এরকম না যে আমি যাকে তাকে ধরে ফেলব, সেটা হবে। আইনি প্রক্রিয়া মেনেই কোথায় সমস্যা রয়েছে সেটা সমাধান করতে হবে”।
মুখ্যমন্ত্রী আরও জানান, এখনও যদি কর্মবিরতি বা সংশ্লিষ্ট কর্মসূচি প্রত্যাহার না করা হয়ে থাকে, তাহলে তা তুলে নেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানানো হবে। তাঁর বক্তব্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার বার্তাই উঠে এসেছে।



















