আগরতলা, ৫ অক্টোবর: দীর্ঘ প্রতীক্ষিত এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন ব্লকে। সোমবার সকাল থেকেই পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই ব্লকেও শান্তিপূর্ণভাবে শুরু হয় ভোট গণনা পর্ব। গণনা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টরা উপস্থিত রয়েছেন।
মান্দাই ব্লকের গণনা কেন্দ্রে রিটার্নিং অফিসারের পাশাপাশি উপস্থিত রয়েছেন জিরানিয়া মহকুমার প্রশাসনিক আধিকারিকরা। গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে।
মান্দাই ব্লকের অধীন ১৫টি ভিলেজ কমিটির মোট ৫৭টি আসনের ভোট গণনা চলছে। ভোট গণনাকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।
এদিকে, গণনা কেন্দ্রে উপস্থিত প্রার্থী, কাউন্টিং এজেন্ট এবং প্রশাসনিক আধিকারিকরা শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে গণনা প্রক্রিয়া সম্পন্ন করার ওপরই জোর দেওয়া হচ্ছে।



















