আগরতলা, ৫ অক্টোবর: সালেমা ব্লকের মহারানী এলিজাবেথিয়া হাই স্কুলে এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনাকে ঘিরে উত্তেজনা ছড়াল। গণনা কেন্দ্রে সিপিআই(এম)-এর গণনা এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া এবং তাঁদের এজেন্ট কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে মহারানী এলাকায় পথ অবরোধে বসেন সিপিআই(এম)-এর কর্মী-সমর্থকরা।
অভিযোগকারী সিপিআই(এম) কর্মীদের দাবি, সোমবার সালেমা ব্লকের অধীনে মহারানী এলিজাবেথিয়া হাই স্কুলে ভোটগণনা শুরু হওয়ার কথা ছিল। তাঁরা গণনা এজেন্ট হিসেবে কেন্দ্রে উপস্থিত হলে, সেখানে তিপ্রা মথার কয়েকজন কর্মী-সমর্থক তাঁদের বাধা দেন। অভিযোগ, তাঁদের এজেন্ট কার্ড ছিনিয়ে নেওয়ার পাশাপাশি কয়েকজনকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করা হয়।
ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু ও অবাধ ভোটগণনার দাবিতে মহারানী এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তাঁরা। অবরোধকারীদের বক্তব্য, গণনা প্রক্রিয়ায় সমস্ত রাজনৈতিক দলের এজেন্টদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং কোনও ধরনের বাধা বা হামলা বরদাস্ত করা হবে না।
এক সিপিআই(এম) এজেন্ট বলেন, “আমরা গণনা এজেন্ট হিসেবে কেন্দ্রে এসেছিলাম। আসার সঙ্গে সঙ্গেই তিপ্রা মথার লোকজন আমাদের বাধা দেয় এবং কয়েকজনকে মারধর করে। আমাদের এজেন্ট কার্ডও ছিনিয়ে নেওয়া হয়েছে। সুষ্ঠু গণনা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অবরোধ প্রত্যাহার করব না।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোটগণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।



















