আগরতলা, ২ জুলাই: নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিন-ভিত্তিক কফ সিরাপ উদ্ধার করেছে অসম রাইফেলস এবং রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। অভিযানে মোট ৫৫,৬২৬ বোতল কোডিন-ভিত্তিক কফ সিরাপ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১.২৭ কোটি টাকা।
অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলপথে মাদকজাতীয় সামগ্রী পাচারের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিআরআই, আগরতলার সঙ্গে যৌথভাবে এই অভিযান চালানো হয়। তল্লাশির সময় সন্দেহভাজন একটি চালান আটক করে বিস্তারিত পরীক্ষা চালানো হলে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কোডিন-ভিত্তিক কফ সিরাপ উদ্ধার হয়।
উদ্ধার হওয়া সমস্ত কফ সিরাপ পরবর্তী তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিআরআই, আগরতলার হাতে তুলে দেওয়া হয়েছে। অসম রাইফেলস জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যকলাপ রুখতে তারা বদ্ধপরিকর। চোরাচালান চক্র ভেঙে দিতে এবং অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন তদন্তকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















