আগরতলা, ২ জুলাই: এক মুহূর্তের অসাবধানতায় নির্ধারিত গন্তব্যের পরিবর্তে সুদূর ত্রিপুরায় পৌঁছে গেল দুই কিশোর। ঘটনাটি ঘটেছে আসামের করিমগঞ্জ রেল স্টেশনে। বর্তমানে ওই দুই কিশোর ত্রিপুরার ধলাই জেলার আমবাসা থানার পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই কিশোরের নাম ইকবাল হোসেন (পিতা: আব্দুর রহমান) এবং দিলওয়ার হোসাইন (পিতা: করিম আলী)। তাদের বাড়ি আসামের বদরপুর এলাকার গুল-এ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দাদুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল দুই কিশোর। করিমগঞ্জ রেল স্টেশনে ট্রেন পরিবর্তনের সময় ভুলবশত তারা অন্য একটি ট্রেনে উঠে পড়ে। পরে ট্রেনটি ত্রিপুরার আমবাসা রেল স্টেশনে পৌঁছালে বিষয়টি ধরা পড়ে। খবর পেয়ে আমবাসা থানার পুলিশ দুই কিশোরকে নিরাপদে নিজেদের হেফাজতে নেয়।
বর্তমানে পুলিশ তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শিশু ও কিশোরদের একা দীর্ঘ সফরে পাঠানোর ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে ট্রেন পরিবর্তনের সময় অভিভাবকদের নজরদারি ও প্রয়োজনীয় নির্দেশনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
























