নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ১৭ জুন থেকে ২৬ জুন পর্যন্ত জেলাজুড়ে ‘নেশামুক্ত ভারত সপ্তাহ’ পালন করা হবে।
জেলা প্রশাসন সূত্রে খবর, এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক প্রচার অভিযান, আলোচনা সভা, র্যালি এবং যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাদকাসক্তি প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
সাংবাদিক সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে মাদক থেকে দূরে থাকার এবং সমাজকে মাদকমুক্ত করতে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি মাদকাসক্তি থেকে মুক্তি পেতে জাতীয় ডি-অ্যাডিকশন হেল্পলাইন নম্বর ১৪৪৪৬ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহম্মদ সাজ্জাদ পি, পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি, অতিরিক্ত জেলাশাসক শান্তি রঞ্জন চাকমা সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
জেলাশাসক তাঁর বক্তব্যে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করাই প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ ত্রিপুরাকে মাদকমুক্ত জেলার পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।























