নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। গত চার মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল হন সাফাই কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
আন্দোলনরত কর্মীদের অভিযোগ, হাসপাতালের সাফাইয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থা দীর্ঘদিন ধরেই নিয়মিত বেতন প্রদান করছে না। এর আগেও বেতন বকেয়া থাকায় তারা কর্মবিরতিতে সামিল হয়েছিলেন। সেই সময় আন্দোলনের চাপে কোম্পানি বকেয়া বেতন মিটিয়ে দিলেও ফের একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি তাঁদের।
সাফাই কর্মীদের আরও অভিযোগ, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী মাসিক নয় হাজার টাকার বেশি বেতন পাওয়ার কথা থাকলেও বাস্তবে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ছয় হাজার টাকা জমা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কম বেতন ও বকেয়া মজুরির কারণে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে বলে জানান তাঁরা।
কর্মীদের বক্তব্য, সংসারের দায়িত্ব ও জীবিকার তাগিদে বাধ্য হয়েই তাঁরা হাসপাতালে কাজ চালিয়ে যাচ্ছেন। দ্রুত বকেয়া বেতন প্রদান এবং সরকার নির্ধারিত হারে বেতন নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন সাফাই কর্মীরা।



















