আগরতলা, ৩০ এপ্রিল: স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল পাঁচে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আগরতলা শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযানে নেমে দুই অভিযুক্ত—সোহেল মিয়া ও সাহেল সরকারকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকার একটি স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, গত ২২ এপ্রিল দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে প্রথমে তিনজনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম সামনে আসে। সেই সূত্র ধরেই নতুন করে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।


















