News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘পোমাটো’ ও ‘ব্রিমাটো’ চাষে ত্রিপুরার কৃষকদের প্রশিক্ষণ ও বীজ সহায়তা দিতে আগ্রহী আইআইভিআর
Image

‘পোমাটো’ ও ‘ব্রিমাটো’ চাষে ত্রিপুরার কৃষকদের প্রশিক্ষণ ও বীজ সহায়তা দিতে আগ্রহী আইআইভিআর

সন্দীপ বিশ্বাস

বারাণসী সফররত, ১০ মার্চ: ‘পোমাটো’ ও ‘ব্রিমাটো’র মতো উদ্ভাবনী সবজি চাষে ত্রিপুরার কৃষকদের প্রশিক্ষণ ও বীজ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে বারাণসী স্থিত আইসিএআর-এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ভেজিটেবল রিসার্চ (আইআইভিআর)। গ্রাফটিং প্রযুক্তির মাধ্যমে এক গাছ থেকে একসঙ্গে আলু-টমেটো এবং বেগুন-টমেটো উৎপাদনের এই পদ্ধতি কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে মনে করছে সংস্থাটি।

মঙ্গলবার বারাণসীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আইআইভিআর-এর অধিকর্তা ড. রাজেশ কুমার জানান, ত্রিপুরা সরকার আগ্রহ দেখালে কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি ও বীজ সরবরাহে এই প্রতিষ্ঠান প্রস্তুত।

তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরায় কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে জাতীয় গড়ের তুলনায় উৎপাদনশীলতা এখনও কম। শুধু ধানের ওপর নির্ভর না করে কৃষকদের বিভিন্ন সবজি চাষের দিকে এগোতে হবে।

ড. কুমারের মতে, সবজি চাষে বৈচিত্র্য আনলে কৃষকদের উৎপাদন ও আয় দুটোই বাড়বে এবং ভোক্তারাও উপকৃত হবেন। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই সবজি চাষ থেকে উল্লেখযোগ্য উৎপাদন ও লাভ সম্ভব। এতে কৃষকদের জীবিকা মজবুত হবে এবং রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে।

তিনি আরও জানান, আইআইভিআর-এর ‘কিচেন গার্ডেন’ উদ্যোগের আওতায় দশ ধরনের সবজির বীজ সম্বলিত একটি প্যাকেট সরবরাহ করা হয়, যাতে পরিবারভিত্তিক সবজি চাষ উৎসাহিত হয়।

ড. কুমার বলেন, বৈজ্ঞানিক হাইব্রিড পদ্ধতিতে উন্নত সবজির জাত ত্রিপুরার উর্বর মাটিতে উচ্চ ফলন দিতে সক্ষম। তবে উন্নত মানের বীজের অভাব একটি বড় সমস্যা।

তিনি বলেন, প্রযুক্তি আমাদের কাছে আছে, আর ত্রিপুরায় রয়েছে পরিশ্রমী কৃষক। রাজ্য সরকার যদি নির্দিষ্ট সবজির বীজ বড় পরিমাণে চায়, আমরা তা সরবরাহে সহায়তা করব। পাশাপাশি কৃষকদের বীজ উৎপাদনের প্রশিক্ষণ দিলে স্থানীয়ভাবেই উন্নত বীজ উৎপাদন সম্ভব হবে।

ভারত সরকারের নর্থ ইস্টার্ন হিল (এনইএইচ) কম্পোনেন্ট প্রোগ্রামের আওতায় আইআইভিআর ইতিমধ্যে উত্তর-পূর্বাঞ্চলের কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। ড. কুমার জানান, ত্রিপুরার কৃষক প্রতিনিধিদল বারাণসীতে এসে বিশেষ প্রশিক্ষণও নিতে পারেন।

‘পোমাটো’ ও ‘ব্রিমাটো’র গ্রাফটিং প্রযুক্তির প্রসঙ্গে তিনি বলেন, এই প্রযুক্তিগুলি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ত্রিপুরা থেকে এখনও পর্যন্ত কেউ প্রশিক্ষণের জন্য যোগাযোগ করেননি। তবে এ ধরনের প্রস্তাব এলে আমরা অবশ্যই সর্বাত্মক সহায়তা করব।

উত্তরপ্রদেশের লখনউ, অযোধ্যা ও বারাণসী সফর উপলক্ষে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত এক মিডিয়া ট্যুরে অংশ নিয়ে ত্রিপুরার সাংবাদিকরা বারাণসীর আইআইভিআর-এ ড. রাজেশ কুমার ও তাঁর দলের সঙ্গে মতবিনিময় করেন।

Releated Posts

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top