ওয়াশিংটন, ১০ অক্টোবর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেছেন, প্রতিরক্ষা খাতে ব্যয় না বাড়ানোর জন্য “স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত।” ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব-এর সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, তাদের (স্পেনের) কোনো অজুহাত নেই এই খরচ না বাড়ানোর জন্য। ওদের জন্য ন্যাটোতে থাকার দরকার কী? হয়তো স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত, স্পষ্ট করে বলছি।
তিনি আরও বলেন, “তোমাদের স্পেনের সঙ্গে কথা বলা দরকার। জানতে হবে তারা কেন এত পিছিয়ে আছে। ওদের বলতে হবে, সময় এসেছে দায়িত্ব নেওয়ার।
চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ট্রাম্পের চাপে চলতি বছরের জুনে ন্যাটোর ৩২ সদস্য দেশ একমত হয় যে ২০৩৫ সালের মধ্যে নিজেদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে। এটি এখন পর্যন্ত ন্যাটোর জন্য সবচেয়ে উচ্চাভিলাষী প্রতিরক্ষা লক্ষ্য।
তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্টভাবে এই লক্ষ্যের বিরোধিতা করে বলেছেন, এই ধরনের উচ্চ খরচ আমাদের কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ও বিশ্বদৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ।” তিনি বলেন, “মাদ্রিদকে এই লক্ষ্যমাত্রা পূরণ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
স্পেন বর্তমানে ন্যাটো সদস্যদের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির তুলনায় সবচেয়ে কম ব্যয়কারী দেশগুলির অন্যতম।
জুন মাসে ট্রাম্প জানিয়েছিলেন, যদি স্পেন এই ৫% প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যে সায় না দেয়, তাহলে ওয়াশিংটন মাদ্রিদের বিরুদ্ধে বাণিজ্যিক চাপ সৃষ্টি করতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেনের কূটনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।



















