সোনামুড়ায় বিদ্যুৎ নিগমের গাফিলতিতে শর্ট সার্কিটে গবাদি পশুর মৃত্যু

সোনামুড়া, ৪ জুন: বিদ্যুৎ নিগমের চরম গাফিলতির ফলে প্রাণ হারাল একটি গবাদি পশু। ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার ধলিয়াই মাথা এলাকায়। অভিযোগ, বিদ্যুৎ ট্রান্সফরমারের পাশেই বেড়ে ওঠা ঘাস খেতে গিয়েই শর্ট সার্কিটের কবলে পড়ে প্রাণ যায় গরুটির।
গরুটির মালিকের দাবি, “ট্রান্সফরমারের আশেপাশে আগেই শর্ট সার্কিট হচ্ছিল। স্থানীয় বিদ্যুৎ দপ্তরে জানালেও কেউ এসে দেখারও প্রয়োজন বোধ করেনি।” তিনি আরও বলেন, “আজ গরু মারা গেল, কিন্তু এখানে হয়তো কোনো মানুষ প্রাণ হারাতে পারতো। বিদ্যুৎ দপ্তরের এই উদাসীনতা মেনে নেওয়া যায় না।”
ঘটনার পর বিদ্যুৎ নিগমকে ফোন করে জানানো হলেও দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধলিয়াই মাথা এলাকায়। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে যদি প্রাণহানি ঘটে, তবে দায় কে নেবে? সাধারণ মানুষ এখন এমনটাই প্রশ্ন তুলছেন।