নাগপুর, ২৫ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস শুক্রবার নাগপুর দক্ষিণ-পশ্চিম বিধানসভা আসন থেকে নিজের মনোনয়ন পত্র পেশ করেছেন। মনোনয়ন জমা দেওয়ার সময় ফড়নবিসের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ও অন্যান্য নেতৃবৃন্দ।এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে নাগপুরে রোড শো করেন ফড়নবিস। রোড শো চলাকালীন তিনি বলেন, “আমাদের নেতা নীতিন গড়কড়ির অধীনে নাগপুরে যে উন্নয়ন কাজ হয়েছে, সবাই তা দেখেছে। গত ১০ বছরে আমাদের কাজ এবং কংগ্রেস তাদের শাসনকালে যে কাজ করেছে তা দেখুন, আমাদের বলার দরকার নেই, তবে আমরা নাগপুরকে বদলে দিয়েছি। “
আর মনোনয়ন পত্র পেশ করার পর ফড়নবিস বলেছেন, “আমার প্রতি আস্থা রাখার জন্য এবং আমাকে ষষ্ঠবারের মতো টিকিট দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নিশ্চিত, জনগণ আমাকে আশীর্বাদ করবেন। মহাযুতি সরকার যে কাজগুলি করেছে, তাতে আমরা রাজ্যে আবারও সরকার গঠন করব। আমাদের একমাত্র লক্ষ্য – আমরা মহারাষ্ট্রকে যে গতি দিয়েছি, মহাযুতি সরকার আবার ক্ষমতায় আসা দরকার।”



















