কোকরাঝাড় (অসম), ২১ অক্টোবর ২০২৪ (হি.স.) : অসমের পাঁচ বিধানসভা আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনে বিজেপি-জোটশরিক ‘ইউনাইটেড পিপলস পৰ্টি লিবারেল’ (ইউপিপিএল)-এর প্রার্থী তাদের একমাত্র আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সে অনুযায়ী ৩১ নম্বর সিঁদলি আসনে নির্মলকুমার ব্রহ্মকে প্রার্থী করেছে ইউপিপিএল।
আজ সোমবার দলের সাধারণ সম্পাদক রাজুকুমার নার্জারি ৩১ নম্বর সিঁদলি আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনে ইউপিপিএল-এর টিকিটে নির্মলকুমার ব্রহ্ম প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেছেন।
প্ৰসঙ্গত, নির্মলকুমার ব্রহ্ম বডোল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর প্রাক্তন মেম্বার অব কাউন্সিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (এমসিএলএ) এবং ইউপিপিএল-এর চিরাং জেলা কমিটির সভাপতি।
প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে (উপনির্বাচন) লড়বেন নির্মলকুমার ব্রহ্ম। এর আগে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বডোল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিলের এমসিএলএ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২০ সালে বিটিসি নিৰ্বাচনে তিনি বডোল্যান্ড পিপলস ফ্রন্টের জেমস বসুমতারির কাছে পরাজিত হয়েছিলেন।
উল্লেখ্য, অসমে শূন্য পাঁচটি বিধানসভা আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনে বিজেপি তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিন আসন যথাক্ৰমে ধলাই (এসসি), বিহালি এবং সামাগুড়ি। বাকি দুই আসনে একটি করে জোটশরিক অগপ এবং ইউপিপিএল-এর জন্য ছেড়েছে বিজেপি। দুই আসন যথাক্ৰমে বঙাইগাঁওয়ে অসম গণ পরিষদ (অগপ) এবং সিঁদলিতে ইউনাইটেড পিপলস পৰ্টি লিবারেল (ইউপিপিএল)-র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।



















