News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম হাসি ফুটছে অসংখ্য পিংকিদের মুখে
Image

রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম হাসি ফুটছে অসংখ্য পিংকিদের মুখে

৷৷ পারিজাত দত্ত৷৷

বিনা মেঘে বজ্রপাতের মত একদিন অকস্মাৎ আগুনে ঘর পুড়ে ছাই হয়ে গেল মাতাবাড়ির বাসিন্দা পিংকির৷ হাতে নেই একটি টাকাও৷ বিপদের দিনে সংসার ছেড়ে চলে গেছেন স্বামীও৷ ছেলের হৃদযন্ত্রে ফুটো৷ অস্ত্রোপচারে রাজি নয় পরিবারের লোকজন৷ ঝুঁকি নিয়ে অপারেশন করাতে বণ্ডে সই করলেন পিংকি৷ সেই মুহূর্তে পিংকি ভয় পাচ্ছিল অস্ত্রোপচার যদি সফল না হয় তখন কী করবে সে? সেই মুহূর্তে তার যা মনের অবস্থা, সেই দোলাচল যেন আজও প্রতিধবনিত হচ্ছিল তার গলায়৷
পিংকি বলছিলেন, তার ছেলে দেবব্রতর কথা৷ দেবব্রতর ডাক নাম কৃষ্ণ, বয়স ১৩ বছর৷ মাতাবাড়ি অমরনগর সুকলে অষ্টম শ্রেণীর ছাত্র৷ জন্মের পর তার যখন ২১ দিন বয়স তখনই ধরা পড়েছিল তার হৃদযন্ত্রে গোলযোগ রয়েছে৷ পরবর্তী সময়ও হাসপাতালে দেখানো হয়েছিল দেবব্রতকে৷ অস্ত্রোপচার করতে হবে জেনে শ্বশুর, শাশুড়ি, স্বামী বাধা দেয়৷ তার যখন বয়স আট কিংবা নয়, তখন একবার এসেছিল আরবিএসকে টিম৷ বলেছিল বিনামূল্যে অস্ত্রোপচারের কথা৷ কিন্তু তখনও তার বাবা রাজি না হওয়ায় শেষ পর‌্যন্ত অপারেশন করা আর হয়ে উঠেনি৷ সুকল থেকে ফিরে অনেক সময় বুকে অসম্ভব ব্যথা করছে, বলত সে৷ কিন্তু তার বাবা রাজি না থাকায় ছেলের জন্য পিংকি কিছুই করতে পারছিলেন না৷
মাতাবাড়িতে ভাড়া বাড়িতে ছেলে ও ছোট্ট মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রী থাকতেন৷ পিংকির স্বামী পেশায় রাজমিস্ত্রি ছিলেন৷ কখনও কখনও আবার ট্রাক্টরও চালান৷আর পিংকি গৃহ পরিচারিকা৷ গত পৌষ মাসেএক শীতেরদুপুরে কাজ সেরে বাড়ি ফিরে ছেলে-মেয়ের জন্য গরম পোশাক কিনবে বলে বাড়ি থেকে বের হন পিংকি৷ কী মনে করে যেন ছেলে ও মেয়ে দু’’জনকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি৷ কিছুক্ষণ পর খবর পেলেন বাড়িতে আগুন লেগেছে৷ এক ছুটে বাড়ি ফিরে দেখলেন বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে৷ পাশের ভাড়াটিয়া ঘরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়েছে চারদিকে৷ কোনও কিছুই ঘর থেকে বের করতে পারেননি পিংকি৷ সর্বগ্রাসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছেতার যাবতীয় সম্বল৷
পিংকির কথায়, এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম৷ সেই কাপড়খানিই ছিল আমাদের সম্বল৷ আর কিছুই নয়৷ পিংকি ও ছেলেমেয়েদের নিয়ে তার স্বামী থাকতেন ভাড়া বাড়িতে৷ এবার স্বামী চলে গেল তার নিজস্ব বাড়িতে, বাবা মায়ের কাছে৷ সেখানে আর যাওয়া হয়নি পিংকি ও তার ছেলেমেয়েদের৷ তাদের নিয়ে শুরু হলো পিঙ্কির বেঁচে থাকার লড়াই৷ ছেলের শরীরের অবস্থা তখন খারাপ৷
পিংকি ঠিক করলো যেভাবেই হোক ছেলেকে সুস্থ করে তুলবে৷ সে নিজেই যোগাযোগ করলো গোমতী জেলার আরবিএসকে টিমের সঙ্গে৷ এলাকারই একটি শিশু আরবিএসকে টিমের সহযোগিতায় ব্যাঙ্গালোরে অপারেশন করে সুস্থ হয়ে ফিরে এসেছে৷ তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে পিংকি ছুটলেন রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার‌্যক্রমের চিকিৎসক দলের সঙ্গে কথা বলতে৷ ২০২৩ সালের ১৫ জুলাই ত্রিপুরা সুন্দরী হাসপাতালের আরবিএসকে টিম স্ক্রিনিং করল তার৷ ধরা পড়লো হৃদযন্ত্রে দুটো ফুটো রয়েছে দেবব্রতের৷ পরীক্ষা করে তড়িঘড়ি তার অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন ডাঃ নন্দন দেবনাথের নেতৃত্বে মেডিকেল টিম৷ ২০২৩ সালের ২৫ জুলাই অস্ত্রোপচারের তারিখ ঠিক হলো৷
সে সময় পাহাড় যেন ভেঙে পড়ল পিংকির মাথায়৷ হাতে টাকা নেই তার৷ যদিও আরবিএসকের কল্যাণে অস্ত্রোপচারের জন্য কোনও টাকা খরচ হবে না৷ কিন্তু তাদের যাতায়াত, আগরতলায় থাকা-খাওয়া, সমস্ত কিছু মিলিয়ে কিছু টাকা তো দরকার৷ এই টাকা জোগাড় করবার জন্য টেনশন৷ তার উপর অস্ত্রোপচার যদি ব্যর্থ হয়, তখন কি হবে, সেটা ভেবেও মাথা নষ্ট হয়ে যাবার যোগাড় তার৷ ছেলের কথা যেমন ভাবতে লাগলেন, তেমনি নিজের কথাও ভাবতে লাগলেন তিনি৷ তার কথায় আমার ছেলের যদি অস্ত্রোপচার ব্যর্থ হয়, তাহলে আমাকে মাতাবাড়ি এলাকা ছাড়া তো করবেই, আমাকে বাঁচতেও দেবে না আমার শ্বশুরবাড়ির লোকজন৷ হাসপাতালে অপারেশনের আগে যখন বণ্ডে সই করছিলাম, তখন আমার সে কি যন্ত্রণা, কি কষ্ট, সেটা বলে বুঝাতে পারব না৷
ডাক্তার বাবুরা পাশে দাঁড়িয়ে ছিলেন, বুঝিয়ে ছিলেন যে কোনও ভয় নেই৷ ছেলে আমার ভালো হয়ে যাবে৷ আইএলএস হাসপাতালে অপারেশন হলো৷ এখন ছেলে ভালো হয়ে গেছে অনেকটাই৷ কথা বলতে বলতে গলা আবেগে বুঁজে এলো তার৷ বললেন, রক্ত দিয়েও ঋণ শোধ করতে পারবো না এই ডাক্তারবাবুদের৷ তাদের জন্যই আমার ছেলে ভালো হয়ে ফিরে এসেছে৷ ২০২৩ সালের জুলাই মাসে অপারেশনের পর আগস্ট মাসে, তারপর অক্টোবর মাসে এবং নভেম্বর মাসে আরবিএসকে টিম এসে ছেলের শরীরের পরীক্ষা নিরীক্ষা করে গেছে৷ সম্প্রতি আবারও এসেছিল আরবিএসকে টিম৷ পরীক্ষা নিরীক্ষা করে গেছে কৃষ্ণকে৷ দিয়ে গেছে পরামর্শও৷ আমি তাদের কাছে কৃতজ্ঞ৷ ফার্মাসিস্ট রাজেশ ভৌমিককে নিয়ে ডাঃ নন্দন দেবনাথ বারবার গিয়েছেন সেখানে পরীক্ষা করেছেন তাকে৷ ২১ আগস্ট, ২০২৪ এও ডাঃ নন্দন দেবনাথ ফোন করে খবর নিয়েছেন দেবব্রতর৷ সে এখন সুস্থ৷ রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার‌্যক্রমের মেডিকেল টিম এই ভাবেই হাসি ফুটিয়ে চলেছে অসংখ্য পিংকিদের মুখে৷
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এই ফিচারটি দেওয়া হয়েছে৷

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top