আমস্টারডাম, ১১ সেপ্টেম্বর (হি.স.): রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল শক্তিশালী দুই দল জার্মানি–নেদারল্যান্ডস।উয়েফা নেশন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে ২-২ গোলে ড্র হয়েছে এই দুই দলের ম্যাচ।
ঘরের মাঠে ম্যাচের ২ মিনিটেই নেদারল্যান্ডস এগিয়ে যায় টিয়ানি রেইন্ডার্স এর গোলে। বিরতির ৭ মিনিট আগে অর্থাৎ ৩৮ মিনিটে সমতায় ফেরে জার্মানি। গোল করেন ডেনিজ উন্দাভ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক জসুয়া কিমিখের গোলে জার্মানি ২-১ এগিয়ে থেকে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সমতা ফেরায় নেদারল্যান্ডস। গোল করেন ডেনজেল ডামফ্রিস। বাকি সময়ে দুদলই গোল করার সুযোগ পায়, কিন্তু গোল করতে পারেনি। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। এই ড্রয়ের ফলে গ্রুপ-৩ এর পয়েন্ট টেবিলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল জার্মানি।আর দুইয়ে থাকা নেদারল্যান্ডসেরও ৪ পয়েন্ট। জার্মানির শীর্ষে থাকার কারণ গোল ব্যবধান।

