কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): মেয়ের দেহ ঘরে শায়িত থাকা অবস্থাতেই পুলিশ ঘরে ঢুকে টাকার প্রস্তাব দেয় বলে অভিযোগ করেছেন আর জি কর-এর তরুণী চিকিৎসকের মা-বাবা। সেই অভিযোগ উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আর জি করে নির্যাতিতার পরিবারকে টাকা দেয়নি পুলিশ। সমস্তটাই মিথ্যে কথা। কুৎসা করা হচ্ছে। প্রমাণ দিতে হবে। বরং পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সাহায্য দিতে চেয়েছিল, যা নিতে চায়নি নির্যাতিতার পরিবার।
পুলিশের তরফে টাকা দেওয়ার প্রস্তাব নিয়ে আগেই রাজ্য দাবি করেছিল, নির্যাতিতার পরিবারকে কোনও রকম টাকার প্রস্তাব দেওয়া হয়নি। কলকাতা পুলিশের তরফে একটি ভিডিও-ও তুলে ধরা হয়, যাতে টাকার প্রস্তাব দেওয়া হয়নি বলে বলতে শোনা গিয়েছে নির্যাতিতার মা-বাবাকে।
অন্য দিকে, নির্যাতিতার পরিবার দাবি করে, জোর করে তাঁদের ওই কথা বলানো হয়েছিল। পরিবারের দাবি, মেয়ের দেহ ঘরে শায়িত থাকা অবস্থাতেই ডিসি নর্থ অন্য ঘরে তাঁদের টাকার প্রস্তাব দেন, পুলিশকে রাগালে বিচার পেতে দেরি হবে বলে হুমকিও দেওয়া হয়।



















