বাঁকুড়া, ১৩ জুলাই, (হি স): বাঁকুড়া জেলা জুড়ে পথ নিরাপত্তা নিয়ে লাগাতার প্রচার চললেও পথ দুর্ঘটনা ঘটেই চলেছে।শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাঁকুড়া দুর্গাপুর ৯নং রাজ্য সড়কে বড়জোড়ায় এক বাইক আরোহীর সঙ্গে লারির মুখোমুখি সংঘর্ষ হয়। লারিটি বাইক আরোহীর মাথার উপর দিয়ে চলে যায়।ফলে ঘটনাস্থলেই বাইক আরোহী শুভেন্দু লায়েক (৪৯)প্রান হারায়।পুলিশ সূত্রে জানা গেছে মৃতের বাড়ি বড়জোড়া থানার দেজুড়ি গ্ৰামে।কারখানায় কাজের সুবাদে সে বড়জোড়ায় বাড়ি করে বসবাস করছিলেন। অপর ঘটনাটি বড়জোড়ার শ্যামপুরের নিকট।এক সাইকেল আরোহী রাস্তা পার হওয়ার সময় লরি এসে ধাক্কা মারে সাইকেল আরোহী সুবোধ কুন্ডুকে ।গুরুতর জখম অবস্থায় তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।এই ঘটনার পরে উত্তেজিত এলাকার মানুষ রাস্তা অবরোধ করে যান নিয়ন্ত্রণের দাবি জানান।স্থানীয় অধিবাসীদের বক্তব্য এলাকায় শিল্প কারখানার জন্য যানচলাচল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় রাস্তা ঘাটের পরিকাঠামো গড়ে ওঠেনি।যানজট এড়াতে প্রস্তাবিত উড়ালপুলের বিষয়ে সরকার নিশ্চুপ বলে এলাকার বাসিন্দারা অভিযোগ তুলেছেন।এবিষয়ে স্থানীয় বিধায়ক আলোক মুখার্জি বলেন উড়ালপুলের ব্যপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিধানসভায় আবেদন করেছি।
2024-07-13

