শিলিগুড়ি, ১০ এপ্রিল (হি.স.) : শিলিগুড়িতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হল এক অভিযুক্ত। মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ির আশিঘর মোড় লাগোয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শম্ভু দাস। সে শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা।
গত ২৫ মার্চ স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ফকদইবাড়ির পঞ্চায়েত সদস্য চুমকি মণ্ডল। অভিযোগ, সেই সময় তাঁদের উত্যক্ত করে জনাকয়েক যুবক। চুমকিদেবীর স্বামী এর প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করে ওই যুবকরা। বাধা দিতে গেলে আক্রান্ত হন চুমকিদেবীও। ঘটনার পরই আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। সেই ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

