বাজারিছড়া (অসম), ৪ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়িতে ১৫ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিহারের বাসিন্দা জনৈক রাজেশ কুমারকে।
চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ বৃহস্পতিবার সকালে এএস ০১ কিউসি ১০৭৬ নম্বরের অনলাইনের পণ্য সামগ্রী বোঝাই একটি কন্টেইনার গুয়াহাটি থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে চেকগেটে আসে। চেকগেটে কর্তব্যরত পুলিশ কর্মীদের নিয়ে কন্টেইনারে তালাশি চালান তিনি।
তালাশি চালিয়ে বিভিন্ন প্যাকেটজাত পণ্য সামগ্রীর আড়াল থেকে দশ কার্টুনে ১,৬০০ শিশি নেশা জাতীয় কফ সিরাপ এসকাফ উদ্ধার হয়। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কালোবাজারি মূল্যর ১৫ লক্ষাধিক টাকা হবে। নেশাদ্রব্য পাচারের অভিযোগে বিহারের বাসিন্দা কন্টেইনারের চালককে রাজেশ কুমারকে আটক করেন তাঁরা, জানান পুলিশ অফিসার প্রণব মিলি।
জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ধৃত রাজেশ কুমারের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে। আগামীকাল শুক্রবার করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে রাজেশ কুমারকে পেশ করা হবে বলে জানান চুরাইবাড়ি ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি।



















