কোচবিহার, ৫ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেফতারের দাবিতে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। সেখানে প্রতিবাদ সভা বিতর্কিত দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
উদয়ন গুহ বলেন, “টাকা পান, তাই ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে অভিযান চালান না। এমনকি গোটা মহকুমায় গাঁজা কাটার অভিযান চললেও ভেটাগুড়িতে গাঁজার বিরুদ্ধে কোনও অভিযান হয় না।”
তৃণমূল কংগ্রেস নেতা আবু মিয়াঁ খুনের মামলায় নিশীথ প্রামাণিককে গ্রেফতারের দাবিতে সরব হয় তৃণমূল। শুক্রবার দিনহাটা থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে নেমে দিনহাটা থানার আইসি সুরজ থাপাকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ। উদয়নবাবু দাবি করেন, নিশীথের বাড়িতে অভিযান চালানো হলে যদি বেআইনি অস্ত্র, টাকা উদ্ধার না হয় তাহলে তিনি মন্ত্রীত্ব ছেড়ে দেবেন। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিনহাটা এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর জন্য দলের মহিলাদের নির্দেশ দেন।

