গুয়াহাটি, ১ জানুয়ারি (হি.স.) : অসমে তাঁর সরকারের আমলে অনুষ্ঠিত ১১২টি মন্ত্রিসভার বৈঠকে গৃহীত ১,৫১৩টি সিদ্ধান্তের মধ্যে ১,৩৭০টি বাস্তবায়িত হয়ে গেছে, জানান মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। বিগত বছরের মতো আজও ইংরেজি নববর্ষ ২০২৪ সালের প্রথম দিন রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের তথ্য আজ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব।
আজ ইংরেজি নববর্ষ ২০২৪ সালের প্রথম দিন জনতা ভবনে লোকসেবা ভবন চত্বরে তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রাজ্যের জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকদের সঙ্গে ‘নতুন দিনর বার্তালাপ’ শীর্ষক অনুষ্ঠানে বিগতদিনে তার সরকারের কার্যকলাপ এবং আগামীদিনের পদক্ষেপ সম্পর্কে নানা বিষয়ের ওপর আলোকপাত করতে গিয়ে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।
মুখ্যমন্ত্রী বলেন, অসমে চিরাচরিত প্রথা ভেঙে গত দু-বছর আট মাসের বর্তমান সরকার রাজধানী দিশপুরের বাইরে ১৩টি মন্ত্রিসভার বৈঠক হয়েছে। ‘একজন মুখ্যমন্ত্রী হিসেবে আমি ২৮টি জেলা পরিদর্শন করেছি এবং ৩১ দিন বিভিন্ন জেলা সদরে দিন কাটিয়েছি। ২০২৩ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একবার অসম সফরে এসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার এবং মোট ৪৪ জন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সফর করেছেন।’ বলেন মুখ্যমন্ত্রী। প্ৰসঙ্গক্ৰমে তিনি তাঁর মন্ত্রিসভার অন্য সব সদস্যরা কতদিন কোন জেলা সফর এবং রাত কাটিয়েছেন, তারও খতিয়ান সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন তিনি।



















