মির্জাপুর, ২৭ অক্টোবর (হি.স.) : শুক্রবার উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার সন্তনগর থানা এলাকায় দাদরি বাঁধের কাছে যাত্রী বোঝাই একটি বাস উল্টে পাঁচজনের মৃত্যু হয়েছে। ২৬ জন বাসযাত্রী আহত হয়েছে। পুলিশ দ্রুত আহতদের লালগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যায়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে বেসরকারি বাসটি মির্জাপুর থেকে ৩১ জন যাত্রী নিয়ে হালিয়া যাচ্ছিল। রাস্তায় সন্ত নগর থানা এলাকায় দাদরি বাঁধের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যাত্রীরা বাসের নিচে চাপা পড়ে যায়। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের অবস্থা দেখে ১০ জনকে বিভাগীয় হাসপাতালে রেফার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলাশাসক প্রিয়াঙ্কা নিরঞ্জন, পুলিশ সুপার অভিনন্দন এবং বিধায়ক রিঙ্কি কোল।
জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বাস দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম, মমতা এবং তাঁর ছেলে অভিষেক (২), বাসচালক সত্যনারায়ণ (৪০), হালিয়ার বাসিন্দা মনিতা (২৫) এবং বিষ্ণু কুমার (১০)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দশজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বিভাগীয় হাসপাতালে রেফার করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট তাঁদের আরও ভালো চিকিৎসার জন্য চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

