সহপাঠীকে যৌন হেনস্থার অভিযোগে জেএনইউ ছাত্রকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

delhi policeনয়াদিল্লি, ২২ মে (হি.স.) : সহপাঠীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু হয়েছে।
বছর ২৩-এর ওই পড়ুয়া নিজের ক্লাসেরই এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। দুজনেই স্নাতকোত্তর স্তরে হিস্টোরিক্যাল স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে। জানা গিয়েছে, গত বছর ডিসেম্বরে বন্ধুর ভাড়া বাড়িতে রাখা একটি পার্টিতে দু’জনেই উপস্থিত ছিল। সেখানেই তরুণীর যৌন নিগ্রহ করে ওই যুবক।
ঘটনাটি গত বছর ঘটলেও, গত বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করে ওই তরুণী। তার অভিযোগে পেয়েই ওই যুবকের বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ) ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷