শিমলার সামার হিলের শিব মন্দির দর্শন প্রিয়াঙ্কার, বললেন পরিস্থিতি খুবই বেদনাদায়ক

শিমলা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): শিমলার সামার হিলের শিব মন্দির দর্শন করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। গত ১৪ আগস্ট এই এলাকায় বিশাল ভূমিধসের ঘটনা ঘটেছিল, ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সেই শিব মন্দির দর্শন করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ও।

প্রিয়াঙ্কা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “পরিস্থিতি খুবই বেদনাদায়ক। মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা গতকালও বলেছিলাম, সবাইকে একসঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে…কেন্দ্র যদি জাতীয় বিপর্যয় ঘোষণা করে, তাহলে রাজ্যের অনেক সাহায্য হবে। প্রতিভা সিং গতকাল উল্লেখ করেছেন, তিনি এটি সংসদে তুলতে চান।” প্রিয়াঙ্কা আরও বলেছেন, “আমরা জানি না, এই বিশেষ অধিবেশনে কী হতে চলেছে, তারা এই বিষয়গুলিকে সামনে আসতে দেবে কি-না।” শিমলার সামার হিল তথা হিমাচল প্রদেশের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কা।

হিমাচল প্রদেশ কংগ্রেসের প্রধান এবং সাংসদ প্রতিভা সিং বলেছেন, “হিমাচল প্রদেশের উদ্বেগ প্রধানমন্ত্রীর নজরে আনা আমার কর্তব্য। আমি আমাদের সমস্ত সাংসদদের কাছে একটি চিঠি লিখেছি যে আমাদের একসঙ্গে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা উচিত।”