কালিয়াগঞ্জে গাছ থেকে উদ্ধার প্রেমিক ও প্রেমিকার ঝুলন্ত দেহ

কালিয়াগঞ্জ, ৩ সেপ্টেম্বর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জে ফাঁকা মাঠের মাঝে শেওড়া গাছ থেকে উদ্ধার হল প্রেমিক ও প্রেমিকার ঝুলন্ত দেহ। রবিবার সকালে যুগলের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।তদন্তে নেমেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমিকের নাম প্রিয় বর্মন। তিনি ধনকৈল অঞ্চলের দৌলত বাটী এলাকার বাসিন্দা ছিলেন। প্রেমিকার নাম অনুপমা রায়। তিনি রাধিকাপুরের বাগচা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। তাঁদের দুই পরিবারই এই সম্পর্কের কথা জানতেন। কিন্তু কী কারণে তাঁরা আত্মঘাতী হলেন, তা জানা যায়নি। এদিকে, যুগলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।