বোলপুর, ১০ জুন (হি. স.) : শনিবার মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে লাভপুরে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। তাঁদের ৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিন বিজেপি-র তরফে এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, তাঁদের কর্মী সমর্থকরা মনোনয়নের জন্য আবেদনপত্র পূরণ করছিলেন বিজেপি কর্মী বুদ্ধদেব ঘোষের বাড়িতে। সেই কাজ শেষ হওয়ার পর বিজেপি কর্মীরা বিডিও অফিসের উদ্দেশে রওনা হয়। বিডিও অফিস থেকে ২০০ মিটার দূরে একটি পেট্রোল পাম্পের কাছে তৃণমূলের প্রায় ৫০ জন বাইক বাহিনী বিজেপি কর্মীদের পথ আটকে তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেয়।
তৃণমূলের বাইক বাহিনীর প্রত্যেকের হাতে লাঠি ছিল। তারা আক্রমণ শুরু করে বিজেপি কর্মীদের উপর। ৭ বিজেপি কর্মীকে আঘাত করা হয়। সোমনাথ মুখার্জি নামে এক বিজেপি কর্মীর হাত ভাঙে। গদাধর মহন্ত গুরুতর আঘাত পান। আহত ব্যক্তিরা বোলপুর সিয়ান হসপাতালে চিকিৎসাধীন।

