দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের প্লে-অফে চেন্নাই সুপার কিংস

নয়াদিল্লি, ২০ মে (হি.স.) : শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের প্লে-অফের টিকিট অর্জন করল চেন্নাই সুপার কিংস। এদিন দিল্লিকে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে নেওয়ার সুযোগ ছিল মহেন্দ্র সিংহ ধোনিদের সামনে। সেই সুযোগ হাতছাড়া করলেন না তাঁরা। দিল্লিকে ৭৭ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে প্লে-এফে চলে গেল চেন্নাই।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দু’বার ভাবেননি ধোনি। চেন্নাই অধিনায়কের সিদ্ধান্তকে পূর্ণ মর্যাদা দিলেন দলের দুই ওপেনিং ব্যাটার। দিল্লির ক্রিকেটাররা লিগ পর্বের শেষ ম্যাচে নতুন জার্সি পরে নামলেও তাঁদের খেলায় কোনও পরিবর্তন চোখে পড়ল না।
প্রথমে ব্যাট করে ২২৩ রানের বিশাল স্কোর খাড়া করে চেন্নাই সুপার কিংস।

রুতুরাজের ব্যাট থেকে এল ৫০ বলে ৭৯ রানের ঝকঝকে ইনিংস। ৩টি চার এবং ৭টি ছয় দিয়ে নিজের ইনিংসটি সাজালেন তিনি। প্রথম উইকেটের জুটিতে চেন্নাইয়ের দুই ওপেনার তুললেন ১৪.৩ ওভারে ১৪১ রান। শিবম দুবে তিন নম্বরে নেমে করলেন ৯ বলে ২২ রান। ৩টি ছক্কা হাঁকালেন তিনি।
২২৪ রানের বিশাল টার্গেট নিয়ে খেলতে নেমে পাওয়ার-প্লেতেই কার্যত ম্যাচ থেকে বেরিয়ে যায় দিল্লি। পাঁচ ওভারেই ৩ উইকেট খুইয়ে ফেলে তারা। একদিকে অধিনায়ক ডেভিড ওয়ার্নার কার্যত একার হাতে লড়াই চালিয়ে গেলেও তাঁকে সঙ্গত করার মতো একেবারেই কেউ ছিলেন না। ওয়ার্নার একাই করেন ৮৬ রান। তিনি বাদে দুই সংখ্যার রানে পৌঁছেছেন মোটে ২ জন। সেটাই দিল্লির বিরাট হারের কারণ হয়ে দাঁড়াল। ক্যাপিটালসের ইনিংস শেষ হল ৯ উইকেটে ১৪৬ রানে।