দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়

বাঁকুড়া, ১৩ জানুয়ারি (হি. স.) : দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়। দিদির দূত হিসেবে শুক্রবার বাঁকুড়া দুনম্বর ব্লকের জুনবেদিয়া গ্রামে যান সায়ন্তিকা। সঙ্গে ছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী-সহ জেলার অন্য নেতারা।

শাসকদলের মিছিল থেকে পানীয় জল প্রকল্পের সাফল্য দাবি করে স্লোগানও ওঠে। ‘এরপরেই রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের ঘরে ঘরে পানীয় জল পরিষেবা কেমন মিলছে, তৃণমূল নেতানেত্রীরা এই প্রশ্ন করতেই উত্তর এল, এক বছর ধরে জলই পাচ্ছেন না তাঁরা। জল সমস্যার পাশাপাশি আবাস প্রকল্পে বাড়ি না পাওয়ার অভিযোগও শুনতে হয় তৃণমূল নেতানেত্রীদের। আবাস প্রকল্পের জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলে, জল সমস্যার জন্য ভূমির ঢালকে দায়ী করেন তৃণমূলের তারকানেত্রী।