দিল্লিতে সন্তোষ ট্রফি ফুটবলে কর্নাটকেও গো-হারা হারলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।।কর্ণাটকে বিধ্বস্ত ত্রিপুরা। একপ্রকার ছেলেখেলা করলো ত্রিপুরার ফুটবলারদের নিয়ে কর্ণাটকের ফুটবলাররা। দিল্লিতে অনুষ্ঠিত ৭৬ তম হিরো সন্তোষ ট্রফি ফুটবলে। বৃহস্পতিবার জহরলাল নেহেরু স্টেডিয়ামে ত্রিপুরা পরাজিত হয় ১০-‌০ গোলে। দক্ষতা, গতি এবং শক্তি-‌ তিন বিভাগেই ত্রিপুরা থেকে অনেক এগিয়ে মাঠে নামে কর্ণাটক। ফলে শুরু থেকেই দুদলের মধ্যে পার্থক্য দেখা দেয়। ত্রিপুরা দুই অর্ধে ৫ টি করে গোল হজম করে। দ্বিতীয়ার্ধে ত্রিপুরার পাইথক জমাতিয়া লাল কার্ড দেখে মাঠে ছাড়তেই শক্তি আরও কমে যায়। খেলা শেষে ত্রিপুরা দলের সহকারি কোচ নারায়ন দেবনাথ টেলিফোনে জানান,”আসরে চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার দল কর্ণাটক। খুবই ভালো খেলেছে বিপক্ষ দল। আমাদের গোলরক্ষক যদি আরও কয়েকটা অবধারিত গোল রুখে না দিতো তাহলে ব্যবধান আরও বাড়তো”। ৩১ ডিসেম্বর ত্রিপুরা নিজেদের শেষ ম্যাচ খেলবে লাদাকের বিরুদ্ধে। আসরে ৪ ম্যাচ খেলে ত্রিপুরাপর ঝুলিতে মাত্র ১ পয়েন্ট।‌