বাংলাদেশে পাচারের পথে করিমগঞ্জের সোনাতলা সীমান্তে বিএসএফ-এর অভিযানে উদ্ধার ছয়টি মহিষ

করিমগঞ্জ (অসম), ১১ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশে পাচারের পথে করিমগঞ্জ জেলার সোনাতলা সীমান্ত এলাকা থেকে ফের ছয়টি মহিষ উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ। বিএসএফ-এর গোয়েন্দা সূত্রের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ রবিবার কাকভোরে বিএসএফ-এর কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ১৩৪ নম্বর ব্যাটালিয়নের অপারেশন টিমের জওয়ানরা সীমান্তবর্তী সোনাতলায় অভিযান চালিয়ে মহিষগুলো বাজেয়াপ্ত করেছেন।

মহিষগুলো বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে করিমগঞ্জ পুলিশে খবর দেন বিএসএফ জওয়ানরা। বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক ঝিম্মি এইচ রাঙ্গাটে জানান, আজ কাকভোরে মহিষগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের অভিসন্ধি ছিল দুষ্কৃতীদের। তবে বিএসএফ-এর জওয়ানদের তৎপরতায় পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে যায়। উদ্ধারকৃত ছয়টি মহিষের ন্যূনতম বাজারমূল্য তিন লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করছেন বিএসএফ আধিকারিকরা।

উল্লেখ্য, গত ২২ আগস্ট একইভাবে ত্রিপাল-মোড়া একটি ট্রাকে করে পূর্ণ বয়স্ক ১১টি গরু বাংলাদেশে পাচারের পথে ৬ নম্বর জাতীয় সড়কের দিগরখালে বিএসএফ-এর অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছিল। এছাড়া বলেরো পিকআপ ভ্যান, অলটো কার, মারুতি ভ্যান প্রভৃতি ছোট গাড়ি ব্যবহার করেও অবাধে গরু পাচার চালাচ্ছে দুষ্কৃতীরা। গত ৮ অক্টোবর সাতটি মহিষ পাচারের পথে কাটিগড়ার হরিনগর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ। বরাক উপত্যকার পাঁচগ্রাম-কাটিগড়া-কালাইন-ভাটপাড়া-গুমড়া-দিগরখাল হয়ে মেঘালয়ের ডনা আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে গরু-মহিষ পাচারে সক্রিয় হয়ে উঠেছে একটি বড়সড় সিন্ডিক্যাটচক্র। গরু-মহিষ পাচারের অভিযোগে বিএসএফ-এর পক্ষ থেকে বেশ কয়েকজন দাগি আসামির বিরুদ্ধে গুমড়া ও কাটিগড়া থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

তাছাড়া, গত ১ অক্টোবর ইকো ভ্যান গাড়িতে করে কয়েকটি গরু বাংলাদেশে পাচারের পথে গুমড়া বাজারে ক্ষুব্ধ জনগণের রোষানলে পড়তে হয়েছে। এমন-কি গাড়িটি গুমড়া বাজারের জাতীয় সড়কে উপচে পড়া জনতার সামনে জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা।

১৮ নভেম্বর একইভাবে কাটিগড়ার হরিনগর সীমান্ত এলাকা থেকে পাচারের পথে ১০টি মহিষ উদ্ধার করেছিল বিএএসএফ। এদিকে দীর্ঘদিন থেকে সিন্ডিক্যাট চক্রের মাফিয়াদের তৎপরতায় ৬ নম্বর জাতীয় সড়কের পাঁচগ্রাম-কাটিগড়া-কালাইন-দিগরখাল-গুমড়া-মালিডহরের রাস্তাকে করিডোর হিসেবে ব্যবহার করে মেঘালয়ের ডনা হয়ে বাংলাদেশে অবাধে মহিষ পাচার সংক্রান্ত ঘটনা সর্বজনবিদিত স্পর্শকাতর বিষয়।